যুদ্ধাপরাধ: পাকিস্তানি সেনা কর্মকর্তাদের তথ্য সংগ্রহে কমিটি
মুক্তিযুদ্ধের পর পাকিস্তানে ফিরিয়ে নেওয়া ১৯৫ জনসহ দেশটির অন্যান্য সেনা কর্মকর্তার যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।
বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, “পাকিস্তানের ১৯৫ বা ততোধিক যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার তথ্য সংগ্রহ করার লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।
“এই কমিটির মাধ্যমে যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত আছে। তথ্য পাওয়ার পরে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ১৯৫ সেনা সদস্যকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান। এরপর ৪৪ বছর পার হলেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।
সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকরের পর পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ায় এবং একাত্তরের গণহত্যার দায় অস্বীকার করায় সেই ১৯৫ জনের বিচারের দাবি নতুন করে আলোচনায় আসে।
সংসদে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সারাদেশে বিভিন্ন আদালতে যে সকল শিশুহত্যা মামলা বিচারাধীন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে সরকার সব সময় সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, “শিশু রাজন-রাকিবের মতো জঘন্য, নৃশংস, নারকীয় ও চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর মতো শিশু হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার অত্যন্ত সজাগ।”
অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ২৩ জুন পর্যন্ত সংসদে মোট ২৪৬টি আইন পাস হয়েছে। এরমধ্যে ১১৩টি আইনের সংশোধনী তৈরি করে পুনরায় ওই সংশোধনী পাস করা হয়েছে।
প্রশ্নোত্তরে আইনমন্ত্রী বলেন, “বর্তমানে দেশে কারাগারে বিনা বিচারে কোনো বন্দি আটক নেই।”
তবে দেশের ৬৮টি কারাগারে বিচারাধীন বন্দির সংখ্যা ৪৮ হাজার ৫৩৪জন এবং সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ১৯ হাজার ৪৯ জন। ১৭ জুলাই পর্যন্ত মোট বন্দি ৬৭ হাজার ৫৮৩ জন।
আইনমন্ত্রী জানান, গত মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৯ হাজার ৯৬৭টি। এরমধ্যে আপিল বিভাগে ১২ হাজার ৯৭২টি, হাই কোর্ট বিভাগে তিন লাখ ৯৯ হাজার ৩০৩টি, সব জেলা ও দায়রা জজ আদালতসহ সব ধরনের ট্রাইব্যুনালে ১৮ লাখ ৯ হাজার ৪৬১টি এবং ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম/সিজেএম) ৮ লাখ ৮৮ হাজার ৪১১টি মামলা রয়েছে।
প্রশ্নোত্তরে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, চুক্তিভিত্তিক কর্মকর্তাদের মধ্যে বর্তমানে অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা ৬৯ জন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ৬ জন। আর ‘বিশেষযোগ্যতা সম্পন্ন’ ব্যক্তি ৭০ জন।
তিনি বলেন, প্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা ২০৪ জন। ২০০৫ সালে ওএসডি কর্মকর্তার সংখ্যা ছিল ৯১২ জন।
প্রশ্নোত্তরে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক জানান, দেশে গবাদি পশুর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম। জনপ্রতি দুধের চহিদা ২৫০ মিলিলিটার, সেখানে আছে ১২৫ দশমিক ৫৯ মিলিলিটার।
২০২১ সালের মধ্যে জনপ্রতি দুধের উৎপাদন ১৫০ মিলিলিটার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ২০১৫-১৬ অর্থবছরে মাছ রপ্তানি করে চার হাজার ২৮৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। তার আগের বছর অর্জিত হয়েছিল চার হাজার ৬৬০ কোটি টাকা।
