২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী উলানবাটরে

একাদশ এশিয়া-ইউরোপ সামিটে (আসেম) যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 07:15 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

উলানবাটরের পথে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেশটির রাজধানী উলানবাটরের চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানববন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি।

মঙ্গোলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পি. সাগান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড’ প্রদান করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 

একই দিন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জন স্কনেইদার, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শনিবার মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের সভাপতি জেন ক্লাউড জুনকারের সঙ্গে বৈঠক করবেন।

সফর শেষে শনিবার রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।