Published : 14 Jul 2016, 06:40 PM
সাম্প্রতিক জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ প্রকাশ এবং দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে বলেও মনে করেন তিনি।
সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী ইনু।
এরপর তিনি বলেন, সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাদের আলোচনা হয়েছে।
“আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন, এ চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও আমেরিকা এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করব, গভীরভাবে কাজ করব, ভালোভাবে কাজ করব।”
বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে দেশটির কড়া সমালোচনা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতার কাছ থেকে।
তবে আওয়ামী লীগের জোট শরিক বামপন্থি দল জাসদের সভাপতি ইনু বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র।
যে চার বিষয়ে আলোচনা হয়েছে, সে সব বিষয়ে বাংলাদেশে কোনো ঘাটতি যুক্তরাষ্ট্র দেখছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, “আমরা সব সময়ই সহযোগিতার ভেতরে আছি, সেজন্য আমরা ঘন ঘন বসি। শুধু তথ্য মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বসি।
“কয়দিন আগে নিশা দেশাই বিসওয়াল এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন। এটা একটা (রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক) নিয়মিত বৈঠক। এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, গভীর হচ্ছে।”
পুরানো খবর:
জঙ্গি দমনে একযোগে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন