‘বিভ্রান্তি তৈরি করে বিচারহীনতার দিকে ঠেলা হচ্ছে তনু হত্যা’
কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনের নামে ‘বিভ্রান্তি তৈরি’র মাধ্যমে একটি অপরাধকে বিচারহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তনু হত্যায় দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখানের ঘোষণা দেন জোট নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ।
লিখিত ব্ক্তব্যে তিনি বলেন, দীর্ঘসূত্রিতার পর গত ১২ জুন এ মামলার দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে। দেশবাসী অবাক হয়ে দেখল যে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি দ্বিতীয় ময়না তদন্তকারী চিকিৎসকরা।
“সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রমাণ পেলেও তা ধর্ষণ কি না স্পষ্ট করে বলা হয়নি। আর এই রিপোর্টের মাধ্যমে আরও বিভ্রান্তি তৈরি করা হল এবং কালক্ষেপণের মাধ্যমে আরও একটি অপরাধকে বিচারহীনতার দিকে ঠেলে দেওয়া হল।”
২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে নিজেদের বাসা থেকে অন্য কোয়ার্টারে ছাত্র পড়াতে গিয়ে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু । সেনানিবাসের অলিপুর এলাকায় একটি ঝোঁপে তার লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধারের পর পারিপার্শ্বিক আলামত দেখে ১৯ বছর বয়সী তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশ ধারণার কথা জানালেও প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে কুমিল্লা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, তনুর মৃত্যুর কারণ তাদের কাছে স্পষ্ট নয়, ধর্ষণের কোনো আলামতও তারা পাননি।
এর সারা দেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয় গত ৩০ মার্চ। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানায় সিআইডি।
সেনানিবাসের মতো নিরাপদ এলাকায় ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দোষীরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা মাসুদ রানা।
তিনি বলেন, “প্রথম ময়নাতদন্তের রিপোর্ট ভুল …, দ্বিতীয় রিপোর্ট তিন মাস পর। ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের স্পষ্ট আলামত এবং ধর্ষণের ঘটনায় তিনজন পুরুষ এতে জড়িত থাকার কথা স্বীকার করেছিল সিআইডি।
“অথচ ময়নাতদন্তে যে মন্তব্য করা হয়েছে, তা শুধু মিথ্যাচারেই নয়, মৃত তনুর পক্ষে জনগণের সহানুভুতিকে নষ্ট করার অপচেষ্টা। পুরো বিষয়টিকে এখন ‘ধর্ষণ হয়েছে কি না’ এই বির্তকে আটকে ফেলা হচ্ছে।কিন্তু বিচারের কোনো অগ্রগতি হচ্ছে না।”
তনু হত্যাকাণ্ডের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করে ও বিচারের দাবিতে আগামী ২০ জনু ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিরও ঘোষণা করে তিনি।
জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের আশরাফুল আলম সোহেলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ ও অপরাংশের দপ্তর সম্পাদক রাশেদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
