রেলে চুরি-অবৈধ দখল ঠেকাতে সংসদে বিল
রেলের সম্পদ চুরি এবং অবৈধ দখল ঠেকাতে ‘রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল- ২০১৬’ সংসদে উত্থাপন করা হয়েছে, যাতে এসব অপরাধের জন্য আগের মতোই সাত বছরের জেল-জরিমানার প্রস্তাব করা হয়েছে।
রেলমন্ত্রী মুজিবুল হক বৃহস্পতিবার বিলটি সংসদে তোলেন। সেটি পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক শাসনামলে ১৯৭৯ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে নতুন আইন করতে বিলটি উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের ফাইল ছবি
এতে বলা হয়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের কাছে যদি মনে হয় কোনো ব্যক্তি এই আইনের আওতায় অপরাধ করছেন তবে বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা যাবে।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাহিনীর কর্মকর্তারা কোনো ব্যক্তির সাক্ষ্য নেওয়া, দলিল দাখিল বা উপস্থিতি নিশ্চিতে সমন জারি করতে পারবেন।
প্রস্তাবিত আইনে অপরাধ সংঘটনে ব্যবহৃত যন্ত্রপাতি, প্রাণি, যানবাহন বাজেয়াপ্ত এবং তা রেলওয়ের সম্পত্তি হিসেবে গণ্য হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রেলমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কাজের ধারাবাহিকতা, আইনের শাসন এবং জনগণের আইনানুগ অধিকারগুলো জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার জন্য সামরিক আমলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কিছু অধ্যাদেশ কার্যকর করার লক্ষ্যে নতুন এই আইনটি প্রণয়ণের উদ্যোগ নেওয়া হয়।
