ফাহিম মুনয়েমের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক
মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ বিশিষ্টজনেরা।
বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় ফাহিম মুনয়েমের মৃত্যু হয়। আগামী মাসে তার বয়স হতো ৬৩ বছর। স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন ফাহিম মুনয়েম।
তার মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক শোক বার্তায় বলেন, “সংবাদ অঙ্গনে ফাহিম একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সারাটি জীবন সাংবাদিক হিসেবে তিনি পেশাদারিত্ব, সততা ও কৃতিত্বের সাথে কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।”
ফাহিম মুনয়েমের দীর্ঘ সাংবাদিক জীবনের কথা স্মরণ করে শোকবাণীতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, তার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী সাংবাদিককে হারিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের শোকবার্তায় বলা হয়েছে, “সৈয়দ ফাহিম মুনয়েম দীর্ঘদিন সংবাদপত্রে কাজ করেছেন এবং সংবাদপত্র ব্যবস্থাপনার সঙ্গেও জড়িত ছিলেন। বাংলাদেশে সংবাদপত্রের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
ফাহিম মুনয়েমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তৈরি পোশাক তৈরি ও রপ্তানীকারকদের সংগঠন বিজিএমএ।
