অনিরাপদ ম্যানহোলের তথ্য দিলে পুরস্কার
‘রোড সেফটি ঢাকা’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারী ‘সাইক্লিস্ট ও বাইকারদের’ জন্য পুরস্কার ঘোষণা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যেসব ‘সাইক্লিস্ট ও বাইকার’ এই অ্যাপে ঢাকা শহরে দাগ ছাড়া স্পিডব্রেকার ও ঢাকনা ছাড়া ম্যানহোল বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন, তাদের মধ্যে তিনজনকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।
নতুন অ্যাপ নিয়ে আগামী মাসের মাঝামাঝিতে তিন মাসের ক্যাম্পেইন শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
শনিবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের কর্মসূচি সমন্বয়ক সদরুল হাসান মজুমদার, ‘বিডি সাইক্লিস্ট’-এর মডারেটর আরিফুর রহমান খান ও মাহমুদ খান।
ব্র্যাক ও সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন 'বিডি সাইক্লিস্ট’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের ৬০ জন ‘সাইক্লিস্ট ও বাইকার’ অংশ নেন।
‘রোড সেফটি ঢাকা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।
