২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের ৭ অভিযোগ নেত্রকোণার ছয় আসামির বিরুদ্ধে

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের সাতটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 12:57 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রোববার বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বাধীন এ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।

বাদল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত বিষয়টি ১২ জুন পরবর্তী আদেশের জন্য রেখেছে।

ছয় আসামি হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নূরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

এর মধ্যে আটজনকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আসামিদের মধ্যে আব্দুর রহমানকে গত বছরের ১২ অগাস্ট গ্রেপ্তার করা হয়। রোববার তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার অপর পাঁচ আসামি পলাতক বলে প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল জানান।

গত ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শুরু হয় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি।