২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছরের ছেলেকে হত্যায় মায়ের স্বীকারোক্তি

দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকার উত্তরখানের এক মা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 10:41 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান বুধবার তার খাসকামরায় ১৬৪ ধারায় ওই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি নেওয়ার পর নেহাল সাদিক নিহত শিশুর মা ফাহমিদা মীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম।

এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক আলমগীর হোসেন আসামি ফাহমিদাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, দেড় বছরের শিশু নেহাল সাদিককে তার মা ধারালো ছুরি দিয়ে খুন করেন।

গত ১৮ এপ্রিল রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় দেড় বছরের শিশু নেহাল সাদিক খুন হয়। এ সময় বাসায় থাকা শিশুর মা ফাহমিদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শিশুটির ঘাড়ের বাঁ পাশে কাটা ক্ষত পাওয়া যায়।

শিশুর বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ফাহমিদা তাদের একমাত্র সন্তান নেহালকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় নিজ সন্তান হত্যার অভিযোগ অস্বীকার করেন ফাহমিদা।

এ ঘটনায় পরের দিন মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ফাহমিদার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।