২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অবমাননায় এনজিওর নিবন্ধন বাতিল চায় সংসদীয় কমিটি

জাতীয় সংসদসহ সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কোনো বেসরকারি সংস্থা (এনজিও) বিরূপ মন্তব্য করলে তা অপরাধ বিবেচনায় নিয়ে সংস্থাটির নিবন্ধন বাতিলের ক্ষমতা সরকারের কাছে রাখার বিধান রেখে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, “যে কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এনজিওগুলো বিরূপ কথা বলবে- তাহলে রাষ্ট্র যায় কোথায়? সাংবিধানিক সংস্থাগুলোকে প্রটেক্ট করতে হবে। আমরা সুপারিশ করছি, সরকার ইচ্ছে করলে সংশ্লিষ্ট এনজিওর কার্যক্রম বন্ধ করে দিতে পারবে।

দেশের গণমাধ্যমগুলো যেমন যে কোনো প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করে, তেমনি এনজিওগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করলে তাতে আপত্তি নেই সুরঞ্জিতের।

“সমালোচনা করতেই পারে। কিন্তু গালাগালি তো করতে পারবে না।”

গত ১ সেপ্টেম্বর বিলটি সংসদে উঠার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

পরবর্তীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন ঘিরে সংস্থাটির নির্বাহী পরিচালকের বক্তব্যে সংসদেও ‘ঝড় উঠে’।

গত ২৫ অক্টোবর ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ আখ্যায়িত করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভূবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।

এ প্রসঙ্গ তুলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এনজিওগুলো বিদেশি ঋণ খুব সামান্য পায়। তারা তা সঠিকভাবে ব্যবহার করছে কিনা- তাও দেখা হয়।

“কিন্তু টিআইবি যদি সংসদ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন কমিশন, অ্যাটর্নি জেনারেল- সবার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, তাহলে রাষ্ট্র যায় কোথায়? এটা তো হতে পারে না। টিআইবি যে সমালোচনা করেছে- তা নিয়ে আমার সঙ্গে তারা বসেছিল, আমি বলেছি মীমাংসা করে ফেলতে।”

তিনি জানান, এনজিওগুলোর সংসদ ‘অবমাননাকর’ ও ‘অশালীন বক্তব্য’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ক্ষমতা দেওয়া হচ্ছে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিলটিতে।

সুরঞ্জিত বলেন, “আইনে সরকারের হাতে ক্ষমতা থাকবে। সরকারের নিবন্ধন নেওয়া এনজিও অপরাধমূলক কাজ করলে তার বিরুদ্ধে সরকার যদি মনে করে ব্যবস্থা নেবে।”

‘এটা আদালতের বিষয় নয়, রাজনৈতিক বিষয়’

ব্রিফিংয়ে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়ার রায়ের প্রসঙ্গেও কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

গত ৫ মে দেওয়া ওই রায়ে সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’ বলা হয়, যা স্থগিত চেয়ে ৮ মে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “এটা সেটেলড ইস্যু। এটা আদালতের বিষয় নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়।”

বাহাত্তরের মূল সংবিধান নিয়ে কোনো ‘জুরিসডিকশন’ হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, “আশা করি, আপিল বিভাগ বিষয়টি বিচক্ষণভাবে দেখবেন।”

উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়।

সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু,  সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস, মো. জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম অংশ নেন।

ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান মো. খায়রুল হক, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রব হাওলাদারসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিও।

বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির আহ্বায়ক রেবেকা মমিন এবং সাব-কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি।

পুরনো খবর:

এনজিও কার্যক্রমে নতুন আইনের খসড়া সংসদে
ষোড়শ সংশোধনী: রায় স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের