২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিবারেল’ হবেন প্রধান বিচারপতি

বিচারক ও আইনজীবীদের মধ্যে দূরত্ব কমানোর প্রত্যাশা প্রকাশ করে ‘লিবারেল’ হবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বাংলা নতুন বছরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার অংশ নেন প্রধান বিচারপতি।

বৈশাখের শেষে হলেও এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “যদিও এটা একচুয়েলি একটু লেট, আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই।

“এই ধরনের একটা অনুষ্ঠান হলে আমাদের আইনজীবীদের মধ্যে যে দূরত্ব থাকে, সেটা অনেকাংশে কমে যাবে এবং বিচারক-আইনজীবীদের মধ্যে যে কিছুটা দূরত্ব, এটাও কমাবে।”

প্রধান বিচারপতি বলেন, “আমি মামলাগুলো একটু কন্ট্রোলে নিয়ে আসছি। আমি এখন একটু লিবারেল হব।”

অনুষ্ঠানের সঞ্চালনায় থাকা সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন তখন বলেন, “আপনি যে লিবারেল হবেন, এটা আমাদের সবাইকে উৎসাহ জুগিয়েছে।”

“আজকে বলার সময় না, তারপরও বলি একটু..হাই কোর্টে অনেকদিন ধরে আগাম জামিন বন্ধ রয়েছে। কোর্টগুলো আরেকটু ভালো হওয়া দরকার,” বলেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তার আগে বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, “আজকে তো আমরা গান শোনার জন্য এসেছি।”

অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

তিনি জানান, আইনজীবী ও আইনজীবীর সন্তানদের উদ্যোগে এবারই প্রথম এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবিষ্যতে ঠিক সময়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে সুপ্রিম কোর্ট থেকে কোনো সহযোগিতা লাগলে তা দেওয়ার আশ্বাস দেন প্রধান বিচারপতি। 

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কয়েকজন বিচারপতি, আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, আইনজীবী ও তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।