২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি-সন্ত্রাস দমন একসঙ্গে: জয়শঙ্কর

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নয়া দিল্লি সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন ভারতের সফররত পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 05:10 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জয়শঙ্কর তার দেশের এই সমর্থনের কথা জানান।

ঢাকার ভারতীয় কমিশন জানিয়েছে, বাংলাদেশে সম্প্রতি সন্দেহভাজন জঙ্গিদের হামলায় কয়েকজনের মৃত্যুর প্রেক্ষাপটে জয়শঙ্করের এই বক্তব্য এলো।

দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনায় শহিদুল হকের আমন্ত্রণে বুধবার ঢাকায় পৌঁছার পর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জয়শঙ্কর।

বৃহস্পতিবার সকালে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন দুই সচিব।

বৈঠক শেষে জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, “আমি পররাষ্ট্র সচিবকে জানিয়েছি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের প্রতি জোরালো সমর্থন জানাতে এসেছি আমি।

“প্রতিবেশি দেশ হিসেবে এটি (সন্ত্রাস ও জঙ্গিবাদ) আমাদের জন্য উদ্বেগের। এ ব্যাপারে ঢাকার সঙ্গে সবসময়ই যোগাযোগ রেখে চলেছে নয়াদিল্লি এবং (সন্ত্রাস দমনে) এক সাথে কাজ করে যাচ্ছি।”

গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কয়েকজন ব্লগার, শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে হত্যায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও আল-কায়েদার দায় স্বীকারের খবর গণমাধ্যমে এসেছে।

তবে সরকার শুরু থেকেই দেশে ‘বিদেশি জঙ্গি সংগঠনের’ অস্তিত্ব নেই বলে জানিয়ে আসছে। ‘স্থানীয় জঙ্গিরাই’ এসব হামলা করছে বলে সরকারের দাবি।

অবশ্য স্থানীয় এসব জঙ্গিদের সঙ্গে বিদেশি সংগঠনগুলোর যোগাযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।  

সচিব পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে তথ্য বিনিময় হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, “আমদের বিশ্লেষণে মিল রয়েছে।”

এ বিষয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে জয়শঙ্করের।