২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রাস্তা চওড়া করতে সরানো হল কবর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সড়ক প্রশস্তকরণ কাজের সুবিধার্থে উত্তরায় ব্যক্তি মালিকানাধীন একটি পারিবারিক কবরস্থান স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বুধবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির অধীনে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের নালা, ফুটপাত ও রাস্তা উন্নয়ন এবং শাহজালাল অ্যাভিনিউতে মিডিয়ান নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ চলছে।

কাজের আওতায় আমিন উদ্দিন গং ওয়াকফ স্টেটের তত্ত্বাবধানে পরিচালিত ‘সরকার পরিবারের’ ১৬ শতাংশ (১০ কাঠা) আয়তনের পারিবারিক কবরস্থানটি স্থানান্তর করা হয়েছে।

নগর কর্তৃপক্ষের অনুরোধে কবর স্থানান্তর করে ‘সরকার পরিবার’ বিরল ও অনুকরণীয় জনকল্যাণমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করে সিটি কর্পোরেশন।

পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ডিএনসিসির প্রকৌশলী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“কবর সরিয়ে ওই স্থানে এখন সরল রাস্তা করা হয়েছে।

“মোট ২২টি কবর সেখানে ছিল। এর মধ্যে ১২টি কবর স্থানান্তরের জন্য ওই পরিবারকে উত্তরা ৪ নম্বর সেক্টরে ডিএনসিসির কবরস্থানে জায়গা দেওয়া হয়েছে। বাকি ১০টি কবর নিজেদের অন্যান্য পারিবারিক কবরস্থানে নিয়ে গেছে তারা,” বলেন নজরুল।