২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা না চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 04:26 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

একাত্তরের বদর কমান্ডারের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তাকে তা পড়ে শোনানো হয়েছে। তার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার কারাগার ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফাঁসি কার্যকরের ‘প্রস্তুতির’ কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি তিনি (নিজামী) ক্ষমা চান, তাহলে আমরা বসে আছি, তার (রাষ্ট্রপতির) কাছে পাঠিয়ে দেব। আর না চাইলে তার পরবর্তীতে যেটা আছে সেটা আমরা করতেছি, আমিতো এখনই বললাম- আমরা প্রস্তুতি নিচ্ছি। উনি যদি না চান, তাহলে যে কোনো সময় হয়ে যাবে।

“আর যদি চান তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ প্রতিপালন হবে।”

জামায়াতে ইসলামীর আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।

তার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বেই যে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল- মামলার বিচারে তা প্রমাণিত হয়।

দণ্ড কার্যকরের আগে যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনি সুযোগ ছিল রিভিউ আবেদন। তা খারিজের মধ্য দিয়ে আইনি লড়াইয়ের পরিসমাপ্তি হয়।

নিজামীর সামনে এখন শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে। তিনি তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দেবে।তার আগে স্বজনেরা কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

রিভিউ খারিজের পর এরইমধ্যে স্ত্রী, ছেলে-মেয়েরা কাশিমপুরে গিয়ে নিজামীর সঙ্গে একবার সাক্ষাৎ করেছেন। তবে সে সময় তারা ক্ষমা ভিক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

গত ৫ মে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ নিজামীর আবেদন খারিজ করে দেয়। আপিল বিভাগের একই বেঞ্চ গত ৬ জানুয়ারি নিজামীর আপিলের রায় ঘোষণা করে। ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রাণদণ্ডের সাজাই তাতে বহাল থাকে।

সুপ্রিম কোর্ট ১৫ মার্চ আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে, পরদিন তা পড়ে শোনানো হয় যুদ্ধাপরাধী নিজামীকে। এরপর তিনি রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রোববার রাতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। রিভিউ খারিজের রায় সোমবার বিকালে প্রকাশ করে সুপ্রিম কোর্ট। রাতে তা কারাবন্দি নিজামীকে পড়ে শোনানো হয়।