আইসিটি বিভাগকে কোরিয়া সরকারের কম্পিউটার
বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরদারের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কম্পিউটার দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
রোববার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত আং সিওউং-দু এক অনুষ্ঠানে এই কম্পিউটার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোরিয়া সরকারের এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের উন্নয়নে কোরিয়া সরকার এ ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, অনুদানের কম্পিউটার কম সংখ্যক হলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করবে বলে তিনি মনে করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, “এটি পৌরসভার মেয়রদের জন্য টোকেন উপহার। অনেক সময় দেখা যায় কম্পিউটার পাওয়ার পরও আপনার প্যাকেট খোলেন না। এমন অভিযোগ যেন না আসে।”
অনুষ্ঠানে নাটোর সদর, সিংড়া, শরীয়তপুর, মৌলভীবাজার, জয়পুরহাট, নাটোরের গুরুদাসপুর, পঞ্চগড়, চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মেয়রদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।
কোরিয়া সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে প্রায় ১৩০টি কম্পিউটার হস্তান্তর করে বলে অনুষ্ঠানে জানানো হয়।
