২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২৫ ইউপিতে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ৭২৫টিতে ভোট হওয়ার কথা শনিবার; যেগুলোর প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:05 AM

Updated : 20 Aug 2022, 12:38 PM

শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এসব ইউপিতে।

এতে চেয়ারম্যান পদে তিন হাজার ২৪৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১৬টি রাজনৈতিক দলের এক হাজার ৭২৩ জন ও স্বতন্ত্র প্রার্থী এক হাজার ৫২২ জন।

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানান, এসব ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, “সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, আগের তিন ধাপের চেয়ে ভালো ভোট হবে।”

ইসির উপ সচিব রকিব উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচন উপযোগী ৪৭ জেলার ৭২৫ ইউপির চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোটের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী জেলায় জেলায় পৌঁছেছে। ভোটের আগের দিন শুক্রবার নিরাপত্তা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচন সামগ্রী।

এই ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার থেকেই মাঠে থাকবে। এসময় নির্বাহী ও বিচারিক হাকিম মোবাইল-স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে থাকবেন।

চতুর্থ ধাপের ৭২৪ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন; যাদের ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেই। বিএনপির প্রার্থী নেই ১০৬ ইউপিতে।

ছয় ধাপের এই ইউপি ভোটের মধ্যে গত ২২ মার্চ, ৩১ মার্চ ও ২৩ এপ্রিল তিন ধাপের ভোট হয়েছে। শনিবার ৭ মে চতুর্থ ধাপের ভোটের পর আগামী ২৮ মে ও ৪ জুন বাকি দুই ধাপের ভোট হওয়ার কথা।

মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

নির্বাচনী আইন অনুসারে চতুর্থ ধাপের এই ইউপি ভোটের সব ধরনের প্রচার কাজ শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে।

আইন অনুযায়ী কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনো ব্যক্তি কোনো জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে যোগ দিতে পারবেন না।

মোটরসাইকেল চলাচল বন্ধ 

চতুর্থ ধাপের এসব নির্বাচনী এলাকায় বুধবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসব এলাকায় ভোটের আগের রাত থেকে ৩২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ করেছে ইসি।

ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ভোটগ্রহণের পূর্ববর্তী মধ্যরাত থেকে অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিল থাকবে।

চিকিৎসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পুরনো খবর:

আরও ৩৩ জন ভোটের আগে নৌকায় ‘পার’
‘ইউপি ভোট প্রশ্নবিদ্ধই নয়, গুলিবিদ্ধও’
ইসিকে না জানিয়েই এসপি হারুনকে গাজীপুরে পুনর্বহাল
শেষ ধাপের ৭২৪ ইউপিতে মনোনয়নপত্র জমা ৯ মে পর্যন্ত
অনিয়ম হয়েছে, তবে কম: সিইসি