২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসওয়ালের বৈঠক

ঢাকা সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 01:35 AM

Updated : 20 Aug 2022, 12:38 PM

যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যার পর বাংলাদেশের নিরাপত্তার অবস্থা নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকায় আসেন বিসওয়াল।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও বৈঠকে ছিলেন।

বৈঠটিকে ‘গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে বিসওয়াল পর এক টুইটে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলা’র বিষয়ে তারা আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় খুনের দুদিন পর গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপচারিতায় খুনিদের গ্রেপ্তারের আহ্বান জানানোর পাশাপাশি তার সহকারী বিসওয়ালকে ঢাকায় পাঠানোর কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এর আগেও কয়েকবার ঢাকা সফর করা বিসওয়াল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে জুলহাজ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেন।

এরপর এক টুইটে তিনি লিখেছেন, জুলহাজ তার সাহস ও আত্মউৎসর্গের জন্য সবার মনের মাঝে বেঁচে থাকবেন এবং তার কাজের ক্ষেত্রে তিনি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

বৃহস্পতিবার সফর শেষে ঢাকা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের এই সহকারী মন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে।