২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননার দায় থেকে ৩ ট্যানারি মালিককে অব্যাহতি   

ঢাকার হাজারীবাগ থেকে তিনটি চামড়া প্রক্রিয়াকরণ কারখানা বন্ধ করে সাভারে স্থানান্তরের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন তিন ট্যানারি মালিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

এরা হলেন-পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ সোমবার তাদের অব্যাহতি দেয়।   

২০০১ সালে হাই কোর্টের এক রায়ের প্রেক্ষিতে দফায় দফায় সময় দেওয়ার পরও নির্ধারিত সময়ে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে না নেওয়ায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ দশ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে।

এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল হাই কোর্ট আদালত অবমাননার রুল দেয়। তার জবাবে আদালতে শিল্প সচিব মোশাররফ হোসেন ভুইয়া যে ব্যাখ্যা দেন, তাতে ওই ১০টি প্রতিষ্ঠান বার বার তাগিদ স্বত্ত্বেও কারখানা স্থানান্তরে পদক্ষেপ নেয়নি বলে উঠে আসে।

এরপর ওই ১০ কারখানা মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে তাদের আদালতে তলব করা হয়।

ওই আদেশ মেনে পূবালী, রুমি ও প্যারামাউন্টের মালিক রোববার আদালতে হাজির হলেও ট্যানারি না সরানোর বিষয়ে ব্যাখ্যা দাখিল না করায় তাদের পাঁচ ঘণ্টা আদালতের জিন্মায় থাকতে হয়। পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে মুক্তি পান তারা।

আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, সোমবার আদালতে হাজির হয়ে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের শর্তে তিন মালিককে আদালত সেদিন মুক্তি দিয়েছিল।

“এর ধারাবাহিকতায় সোমবার তারা আদালতে হাজির হন এবং তাদের পক্ষে আইনজীবীরা কমপ্লায়েন্স দাখিল করেন।”

তিন মালিকের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

ব্যারিস্টার মেহেদী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি তিনটি বন্ধ করে সাভারে স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাভারে কারাখানা করার জন্য পাইলিং হয়েছে, বাউন্ডারি, লেবার শেড, অফিস কক্ষ তৈরি, বিদ্যুৎ সংযোগ ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

“তা জানিয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। সন্তুষ্ট হয়ে আদালত তিনজনকে অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন।”

নির্দেশনা অনুসারে আদালতে হাজির না হওয়ায় ওই দশ ট্যানারির মধ্যে তিনটির মালিকের বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে হাই কোর্টের এই বেঞ্চ। 

এরা হলেন- মেসার্স মাহিন ট্যানারির স্বত্ত্বাধিকারী আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির স্বত্ত্বাধিকারী মো. মফিজ মিয়া।

এছাড়া রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন বিদেশে থাকায় তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক সেদিন সময়ের আবেদন করেন। তার বক্তব্য শুনে আদালত ৩ মে আরেফিন সামছুল আলামিনকে হাজির হতে নির্দেশ দিয়েছে।

অপর তিন ট্যানারির মালিক মারা গেছেন বলে মনজিল মোরসেদ জানিয়েছেন।

এরা হলেন- সালাম ট্যানারির স্বত্ত্বাধিকারী মো. আব্দুস সালাম, মেসার্স করিম লেদার ইউনিট-২ এর স্বত্ত্বাধিকারী রেজাউল করিম আনসারী ও জুলেট এন্টারপ্রাইজের মো. সায়েদুল হক মাস্টার।

মনজিল মোরসেদ বলেন, “তিন ট্যানারি মালিক মারা গেছেন। মালিকানায় এখন যারা আছেন, তাদের অবমাননার আবেদনে পক্ষভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ মে বিষয়টি শুনানির জন্য আসবে।”  

পুরনো খবর:

অবমাননা: ৩ ট্যানারি মালিককে গ্রেপ্তারে পরোয়ানা