নাজিম হত্যায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নিন্দা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদের বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যায় কিছুদিন ছেদ দেখা গেলেও এই হামলায় প্রতীয়মান হচ্ছে যে, ‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণের ক্রমবর্ধমান প্রবণতার অংশ হিসেবেই’ নতুন এ হত্যাকাণ্ড।
তদন্তের মাধ্যমে এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি।
২৭ বছর বয়সী নাজিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন বিভাগের ছাত্র ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাসায় ফেরার সময় সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন তার বিবৃতিতে বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতার চর্চার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন নাজিম। তিনি সিলেটে গণজাগরণ আন্দোলনের সংগঠক হিসেবেও কাজ করেছিলেন বলে বন্ধুরা জানিয়েছেন।
রবার্ট ওয়াটকিনস তার বিবৃতিতে বলেন, তিন বছর আগে বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড শুরুর পর থেকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশের পাশপাশি তদন্তের মাধ্যমে বিচারের আহ্বান জানিয়ে আসছে।
ঝুঁকির মুখে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টদের ‘পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত’ করতে আবারও নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রতিনিধি।
তিনি বলেন, এর মধ্য দিয়েই দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। কারণ এটাই গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি।
পিয়েরে মায়াদুন বলেন, বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার যে কোনো উদোগ ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পাবে।
তিনি নাজিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তদন্তের মাধ্যমে খুনিদের বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
