২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা উপেক্ষা করে কারওয়ান বাজারে উচ্ছেদে রাজউক

কারওয়ান বাজারে অনুমোদনহীন সবজির আড়ৎ অপসারণে গিয়ে ব্যবসায়ী, কুলি-শ্রমিকদের বাধার মুখে পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 08:31 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

মঙ্গলবার রাজউক দিনভর এই অভিযান চালালেও এক পর্যায়ে উত্তেজিত ব্যবসায়ীরা সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়ি রাখার শেডে হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন।

উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওলিউর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতও প্রস্তুত ছিল।

তবে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ দেখালেও আড়তের মালিকরা সহযোগিতা করায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়নি।

তবে বিক্ষোভ-বাধা উপক্ষো করেই ৪৪ নম্বর প্লটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ৩৫ নম্বর প্লটের আংশিক উচ্ছেদ করা হয়। আর ৪২ নম্বর প্লটের অননুমোদিত স্থাপনা অপসারণে প্লটের মালিক দুই দিনের সময় চেয়ে মুচলেকা দিয়েছেন। 

অভিযানের বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনতা টাওয়ারের পশ্চিমে বাজার রোড এলাকার ৩৫, ৪২ ও ৪৪ নম্বর প্লটে কার পার্কিংসহ বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হলেও মালিকপক্ষ তা পালন করেনি।

“তারা নিজেদের সুবিধামত সবজির আড়ৎ করে রেখেছেন। এতে ব্যস্ত ওই এলাকায় গাড়ির জটলা সৃষ্টি হচ্ছিল। আড়তের অনুমোদন তাদের দেওয়া হয়নি।

“সেকারণে চলমান অভিযানের অংশ হিসেবে কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। বাকিগুলো মালিকরা নিজেরা ভেঙে ফেলবে মর্মে দুই দিনের সময় চেয়ে মুচলেকা দিয়েছেন।”

ব্যবস্থা নেবে ডিএনসিসি

অভিযানের সময় পাকিংয়ে হামলা চালিয়ে গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিকালে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কারওয়ান বাজারে রাজউক উচ্ছেদ অভিযান চালালেও কিছু সংখ্যক দুষ্কৃতকারী সেখানে স্থাপিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি পার্কিংয়ে প্রবেশ করে ১০/১২টি গাড়ি ভাংচুর করে।”

হামলাকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।