২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ৬ মাস

শহর এলাকায় আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

এই সময়ের মধ্যে বাণিজ্যিক স্থাপনাগুলো না সরালে সেগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার বিভাগের এই সুপারিশ উপস্থাপন করা হয়। আলোচনার পর মন্ত্রিসভা তাতে সম্মতি দেয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার ২০১৫ সালের ৮ জুনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তাদের প্রতিবেদনে চারটি সুপারিশ তুলে ধরে।

“আবাসিক এলকায় বার লাইসেন্স বাতিল করে সেগুলো অপসারণ করা হবে। আবাসিক এলাকায় নতুন করে কোনো বারের লাইসেন্স দেওয়া হবে না।”

পাশাপাশি আবাসিক এলাকার সব গেস্ট হাউজ ও আবাসিক হোটেল বন্ধ করতে হবে। প্লট মালিককে এসব স্থাপনা সরাতে ছয় মাসের সময় দেওয়া হবে। এর মধ্যে স্থাপনা না সরালে পরবর্তী এক মাসের মধ্যে সেগুলো অপসারণ করা হবে বলে সচিব জানান।

আবাসিক এলাকার অননুমোদিতভাবে স্থাপিত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও ছয় মাসের মধ্যে সরাতে হবে।

যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারের অনুমোদন নিয়ে আবাসিক এলাকায় কার্যক্রম চালাচ্ছে, সেসব স্থাপনা সরাতেও সংশ্লিষ্টদের সময় দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি জানান, গত বছরের ৮ জুন মন্ত্রিসভার বৈঠকে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে স্থানীয় সরকার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পূর্ত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে বেশকিছু সভা ও পরিদর্শন করে স্থানীয় সরকার বিভাগ প্রতিবেদন তৈরি করে তা সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক স্থানীয় সরকার বিভাগের সুপারিশগুলো বাস্তবায়ন করবে।

“মানুষকে বুঝিয়ে ও তাদের সঙ্গে নিয়েই কাজগুলো করা হবে।”

মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরাতে ছয় মাসের সময় শেষে সিটি করপোরেশন, রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ ও অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উচ্ছেদের ব্যবস্থা নেবে।

“সকল অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বাতিল, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন) বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলো যাতে কোনো ধরনের বৈধতার সুযোগ না নিতে পারে সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স ও ভ্যাট আদায়ও বন্ধ করে দেবে।”

আবাসিক এলাকার প্লটের বেজমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গা শুধু গাড়ি রাখতেই ব্যবহার করতে হবে জানিয়ে সচিব বলেন, বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলে তা উচ্ছেদ করা হবে।

আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার অনুমোদন পাওয়ার কথা নয় জানিয়ে তিনি বলেন, “যদি কেউ অনুমোদন পেয়েও থাকেন তাদের বুঝিয়ে সরাতে সময় একটু বেশি লাগতে পারে।”

শফিউল আলম বলেন, “আবাসিক এলাকাকে আবাসিক চরিত্রে নিয়ে আসতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আমরা পরিকল্পিত শহরের দিকে যাব।”