২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণের পর কর্মসূচি প্রত্যাহার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

অষ্টম বেতন কাঠামোতে ‘বৈষম্য’ নিরসন চেয়ে দীর্ঘদিন আন্দোলন করা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দাবি পূরণের পর আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দেন।

এর আগে বেলা ১১টার দিকে দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা ফেডারেশনের বৈঠকে মিলিত হয়ে আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

সম্মেলনে ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল বলেন, বেতন কাঠামোর তৃতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে যাওয়া নিয়ে শিক্ষকদের প্রধান যে দাবি ছিল সেটি বাস্তবায়ন হওয়ায় এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।

“যেহেতু আমাদের মূখ্য দাবি পূরণ হয়েছে, সেহেতু দাবি আদায়ের জন্য ফেডারেশনের যেসব কর্মসূচি ছিল- সেগুলো প্রত্যাহার করা হলো।”

এর আগে গত ২৪ মার্চ সচিবালয়ে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে অধ্যাপকদের মধ্যে ২৫ শতাংশকে প্রথম গ্রেডে যাওয়ার সুযোগ রেখে অষ্টম বেতন কাঠামো পুর্নবিন্যাসের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনসহ কার্যকরের প্রক্রিয়ার মধ্যে থাকা মন্ত্রিসভা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানায় আন্দোলনকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

গত বছরের ডিসেম্বরে সরকারি চাকুরেদের অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর আন্দোলনে নেমেছিলেন আগে থেকে আপত্তি জানিয়ে আসা সরকারি ৩৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ার বিরোধিতা করছিলেন তারা। কেননা নতুন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তৃতীয় গ্রেডের উপরে উন্নীত হওয়ার সুযোগ ছিল না।

আন্দোলনকারী শিক্ষকরা কর্মবিরতিতে গেলে তাদের দাবিগুলো খতিয়ে ব্যবস্থা নিতে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়।

এরপর ১১ জানুয়ারি থেকে টানা কর্মবিরতিতে গেলে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তা স্থগিত করেন শিক্ষকরা। তবে কর্মবিরতি স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল।

এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে কয়েক দফায় বৈঠকের পর ২৪ মার্চ সিদ্ধান্ত চূড়ান্ত করে মন্ত্রিসভা কমিটি। 

প্রচলিত নিয়ম অনুসারে অধ্যাপক পদে পদোন্নতি বা পদায়ন পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অধ্যাপক পদে চার বছর চাকরির মেয়াদ এবং স্বীকৃত জার্নালে গবেষণাধর্মী নতুন দুটি নিবন্ধ প্রকাশের শর্তে জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিতীয় গ্রেডে যেতে পারবেন।

আর দ্বিতীয় গ্রেডপ্রাপ্ত অধ্যাপকগণ মোট কোয়ালিফায়িং চাকরির মেয়াদ ন্যূনতম ২০ বছর এবং দ্বিতীয় গ্রেডের সীমায় পৌঁছানোর ২ বছর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রথম গ্রেড পাবেন; তবে এই সংখ্যা মোট অধ্যাপকের শতকরা ২৫ ভাগের বেশি হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্যেষ্ঠ সচিবদের মতো অধ্যাপকদের সুপার গ্রেডে উন্নীত হওয়ার সুযোগও দাবি করেছিলেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। 

তবে জ্যেষ্ঠ সচিবদের সমপর্যায়ে অধ্যাপকদের পদোন্নতি দিতে নতুন পদ সৃষ্টি করতে হবে। নতুন পদ সৃষ্টির এখতিয়ার বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির হাতে নেই। তবে নতুন পদ সৃষ্টির বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে আইনমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন শিক্ষক নেতারা।

বেতন কাঠামোতে মর্যাদার দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিষয়টির ‘সম্মানজনক সুরাহা’ হয়েছে বলে দাবি আদায়ের পাঁচদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দিলেন।

পুরনো খবর:

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণ হল