প্রেরণার গল্পে এক বিকাল
জ্বালানি অর্থনীতির সম্ভাবনা আর অর্থনীতি নিয়ে গবেষণার সুযোগ থেকে শুরু করে ‘স্বপ্নের আকাশে’ ডানা মেলার উপায়- ইত্যাদি নানা আলোচনায় দিন পার করল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
দেশের শীর্ষস্থানীয় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনোমিস্ট ফোরাম’ রোববার ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজন করে।
দিনভর নানা বিষয়ে আলোচনার পর বিকালে ‘হাউ টু কিপ দ্য মেজর দ্যাট স্যুটস ইউ’ শীর্ষক একটি সেশনে ‘স্বপ্ন পূরণের গল্প’ নিয়ে আসেন গোলাম সামদানী ডন।
তিনি বলেন, “সব মানুষই জিনিয়াস। মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে।”
অবশ্য যেকোনো ক্ষেত্রে সফল হতে সাধারণত ১০ হাজার ঘণ্টা সময় দিতে হয়- এমন একটি ধারণা তুলে ধরেন ডন সামদানি ফেসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি’র মালিক ডন।
“বিটলস যখন ইংল্যান্ডে গান করে সাড়া ফেলে দেয় তার আগে তারা প্রায় ১৩ হাজার ঘণ্টা সময় ব্যয় করে। এই সময় ব্যয় করে তারা চর্চা করেন, ইউরোপের বিভিন্ন জায়গায় পারফর্ম করেন। ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১৩ বছর বয়স থেকে কোডিং শেখা শুরু করেছিলেন। এভাবেই মানুষ সফল হয়।”
এরপর ভিডিও উপস্থাপনায় তিনি কচ্ছপ ও খরগোশের বিখ্যাত গল্পটি দেখান, যে গল্পে দৌঁড় প্রতিযোগিতা নেমে পথে ঘুমিয়ে পড়ায় হেরে যায় দ্রুতগতিতে চলতে সক্ষম খরগোশ। তবে এই উপস্থাপনায় প্রতিযোগিতার প্রথম রেসের পরই গল্প শেষ হয় না। বরং খরগোশটি নতুন প্রতিযোগিতার আয়োজন করতে বলে, যেখানে সে প্রথম হয়ে যায়।
গল্পটি এখানেও শেষ নয়। খরগোশটির গতির কাছে হেরে কচ্ছপটি নতুন বুদ্ধি আঁটে। দাবি করে নতুন প্রতিযোগিতার, যেখানে গন্তব্য রাখা হয় নদীর ওপার। সাঁতার না জানায় এই প্রতিযোগিতায় হেরে যায় খরগোশ।
এরপর আবারও আয়োজন করা হয় প্রতিযোগিতা। যেখানে স্থলে কচ্ছপ খরগোশের পিঠে এবং নদীতে খরগোশ কচ্ছপের পিঠে চড়ে পার হয়। এভাবে উভয়ে মিলে দ্রুত পথ পার হয়।
খরগোশ আর কচ্ছপের পুরো সামর্থ তুলনা করা যায় না মন্তব্য করে তিনি বলেন, “কারণ তারা আলাদা।
সফল হওয়ার জন্য নিজের মধ্যে ‘কোর কম্পিটেন্সি’ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন ডন।
‘স্বপ্নের চাকরিক্ষেত্র’ নির্ধারণ ও সন্ধানে তিনটি বিষয়ে গুরুত্ব দেন তিনি। এগুলো হচ্ছে- প্যাশন তথা এমন কাজ যা করতে মানুষ ভালোবাসে, ট্যালেন্ট তথা এমন কাজ যাতে মানুষের সহজাত প্রতিভা রয়েছে এবং ক্যারিয়ার তথা এমন কাজ যার জন্য কেউ তোমার পেছনে টাকা ঢালতে পারে।
তার মতে, এই তিনটি বিষয় সমন্বয় করতে পারলেই কর্মজীবনে সফল হওয়া যাবে। চাকরি নিয়ে কেউ সুখী না হলে সার্বিক জীবনেও সুখী হওয়া যায় না।
গোলাম সামদানী ডন বলেন, “মনে করেন, মানুষ ভালোবাসার কাজে রিচার্জড হয়। একজন অন্তর্মুখী মানুষ একা থাকলে রিচার্জড হয়, আর একজন বহির্মুখী মানুষ জনসমাগমে থাকলে রিচার্জড হয়। এখন একজন অন্তর্মুখী মানুষকে যদি মার্কেটিংয়ের কাজ দেওয়া হয়, তিনি কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন না।”
মুহুর্মুহু করতালিতে শিক্ষার্থীরা এই সেশন পার করে।
অনুষ্ঠানের একটি সেশনে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের সহযোগী অধ্যাপক সালমা বেগম অর্থনীতি গবেষণা নিয়ে আলোচনা করেন, যেখানে তিনি এ গবেষণার পূর্বাপর বর্ণনা করেন।
‘গো গ্রিন দ্য প্রোসপেক্ট অব স্টাডিং এনার্জি ইকোনোমিকস’ শিরোনামে একটি সেশন নেন বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক সাকিব বিন আমিন, যেখানে তিনি মূলত জ্বালানির উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
‘হাউ টু বি এ বেটার ইন্টারভিউই’ শিরোনামে একটি সেশন কাজী জুলকারনাইন ইসলাম পরিচালনা করেন।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর পাঁচটি সেশনে এই ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ হয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শেষ হয়।
ইয়াং ইকোনোমিস্ট ফোরামের সভাপতি হাসান আহমেদ তালুকদারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গৌর গোবিন্দ গোস্বামী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রউফ তালুকদার, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. এমদাদুল হক ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুল বারী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
