প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া বাংলাদেশের মানুষের মনে ভুটানের জন্য ‘বিশেষ জায়গা’ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত পেমা সরেন রোববার শেখ হসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) জোটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ব্যবসা ও বিনিয়োগের সুযোগও বৃদ্ধি পাবে।
ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে বিবিআইএন গঠনে উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এর মাধ্যমে আমরা নিজেরাই আমাদের বাজার তৈরি করতে পারব। তাছাড়া এ সহযোগিতা দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখবে।”
ভুটান থেকে বিদ্যুৎ কেনার প্রস্তুতির কথাও জানান বাংলাদেশের সরকার।
ভুটান ও নেপাল ভৌগলিক সুবিধা কাজে লাগিয়ে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী এসময় কৃষিসহ বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের বিষয়ও তুলে ধরেন।
ভুটানকে সবসময় সহায়তা করার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদুত।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের প্রশংসা তিনি বলেন, এ দেশের উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য উৎসাহমূলক।
দারিদ্র বিমোচন এবং নারী ও শিশুর উন্নয়নে বাংলাদেশের ব্যপক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে এজন্য অভিনন্দন জানান।
কৃষিক্ষেত্রে বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকেও ‘বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেন রাষ্ট্রদূত সরেন।
তিনি বলেন, ভুটান বাংলাদেশ থেকে চাল কিনতে আগ্রহী। ইতোমধ্যে চালের দর ঠিক করতে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।
নীরিক্ষা প্রতিবেদন জমা
রোববার প্রধানমন্ত্রীর কাছে ২৪টি নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন জমা দিয়েছেন মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ।
এসব প্রতিবেদনের মধ্যে রয়েছে ১৬টি বার্ষিক প্রতিবেদন, ছয়টি বিশেষ নিরীক্ষা প্রতিবেদন, একটি পারফরম্যান্স নিরীক্ষা প্রতিবেদন ও একটি উপ-যোজন হিসাব প্রতিবেদন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
