২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 01:56 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা বুধবার এই আদেশ দেন।  

এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অন্যতম বিশেষ কৌঁসুলি তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে একটি হিউম্যান হলারে হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে গাড়িটি ক্ষতি হয় এবং চালকের সহকারী আহত হন।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ওই বছর ২৩ অক্টোবর মোহাম্মদপুর থানার এসআই নুরুল ইসলাম শিকদার বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নিরব সহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আমান ও রিজভী এ মামলায় জামিনে রয়েছেন বলে তাপস কুমার পাল জানান।