২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নে গণতান্ত্রিক চেতনার উন্নয়নও জরুরি: অজয় রায়

মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তা ছাড়া সমাজ গণতান্ত্রিক হতে পারে না মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, “মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা ছাড়া সমাজ গণতান্ত্রিক হতে পারে না। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া আর গণতান্ত্রিক অধিকার সংকোচন করা এক সূত্রে গাঁথা।

“দেশের উন্নয়ন বলতে শুধু দালান কোঠার উন্নয়ন বুঝায় না, গণতান্ত্রিক চেতনার উন্নয়ন খুবই জরুরি। সাম্প্রদায়িক চিন্তা মানুষে মানুষে বিভক্তি আনে।”

‘বিজ্ঞান মনস্কতা’ ছাড়া মানবিক বোধের বিকাশ ঘটবে না মন্তব্য করে শিক্ষা আন্দোলনকে যুক্তি ও বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেন অধ্যাপক অজয়।

এর আগে বেলা ১১টায় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক এই অধ্যাপক। এসময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনীতে বামপন্থি নেতা খালেকুজ্জামান বলেন, “বৈষম্যমূলক সমাজে সবার জন্য সমান শিক্ষার অধিকার বাস্তবায়িত হতে পারে না। কী বিপুল আত্মত্যাগ ও বিশাল স্বপ্ন নিয়ে আমাদের দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার পর দেশের বয়স যত বাড়ছে- মানুষে মানুষে বৈষম্য তত বাড়ছে।”

পুঁজিবাদকে এ অবস্থার পেছনের মূল কারণ দাবি করে তিনি বলেন, “পুঁজিবাদ অর্থনৈতিকভাবে শোষণ করে, মানবিক বোধগুলোকে বিকৃত করে সব কিছুকেই পণ্য বানায়। শিক্ষাও একটি পণ্যে পরিণত হয়েছে।”

পুঁজিবাদ প্রতিরোধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে খালেকুজ্জামান বলেন, “এই পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ ছাড়া নৈতিকতার জাগরণ ঘটবে না। পুঁজিবাদ বিরোধী আন্দোলনই পারে নতুন মূল্যবোধের জাগরণ ঘটাতে।”

ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু সভাপতিত্বে উদ্বোধনীতে অধ্যাপক আনু মোহাম্মদ ও সাংবাদিক আবু সাঈদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান ও ফিলিপিন্সের ছাত্রফ্রন্ট সদস্যরা অংশ নেয়।

সম্মেলন থেকে ইমরান হাবিব রুমনকে সভাপতি ও নাসির উদ্দিন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষোড়শ কেন্দ্রীয় কাউন্সিলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি রুমন আগের কমিটিতে সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স আগের কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়াদের কয়েকজন হলেন- সহ-সভাপতি আল কাদেরী জয়, সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন, স্কুল সম্পাদক সজল বাড়ৈ ও আন্তর্জাতিক সম্পাদক মনীষা চক্রবর্ত্তী।

সম্মেলনের শেষ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে র‍্যালি বের করে সংগঠনটি। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিকাল ৪টার দিকে রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মীরা।