২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে তরুণদের অনীহায় শঙ্কিত স্পিকার

পৃথিবীর জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ হলেও ভোটাধিকার প্রয়োগে তাদের অনীহার প্রসঙ্গ তুলে শঙ্কা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 08:37 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

পুরনো খবর:

রানী এলিজাবেথের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

তিনি বলেছেন, “বর্তমানে পৃথিবীর জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ। কিন্তু এই বিশাল তরুণ ও যুব সমাজের মধ্যে রাজনীতির প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রীয় নির্বাচনসমূহে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তরুণদের উপস্থিতিতি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। এটি বিশ্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুখকর নয়।”

রোববার জাম্বিয়ার রাজধানী লুসাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪তম সাধারণ অধিবেশনে শিরীন শারমিন একথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার বলেন, “বিশ্বে মানব কল্যাণে বড় বড় সকল অর্জন রাজনীতির ফসল। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে মানব কল্যাণে ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। রাজনীতিতে মেধাবীদের আকৃষ্ট করা না গেলে রাজনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়।”

সারা বিশ্বের নারীদের রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করারও আহ্বান জানান তিনি।

“বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারী হলেও একথা সত্য যে, বিশ্বব্যাপী নারী সমাজ সকল ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। একটি দেশের পূর্ণাঙ্গ উন্নয়ন নিশ্চিত করতে নারী সমাজকে রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে।”

শিরীন শারমিন বলেন, “বাংলাদেশে তরুণ সমাজের ঐতিহ্যপূর্ণ রাজনৈতিক ইতিহাস রয়েছে। এ দেশের তরুণরাই ভাষার জন্য রক্ত দিয়েছে এবং ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে।”

শনিবার শুরু হওয়া আইপিইউ সাধারণ অধিবেশন চলবে বুধবার পর্যন্ত।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল এতে অংশ নিয়েছে।

সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিশ্বের সবচেয়ে বড় এই পার্লামেন্টারি ফোরামের প্রেসিডেন্ট।

গত ১৩ মার্চ যুক্তরাজ্য ও জাম্বিয়া সফরের জন্য ঢাকা ছাড়েন শিরীন শারমিন। আগামী ২২ মার্চ মঙ্গলবার তার দেশে ফেরার কথা।

যুক্তরাজ্য সফরকালে গত মঙ্গলবার কমনওয়েলথ প্রধান রানী এলিজাবেথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন।

তিনি এসময় রানী এলিজাবেথকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন, সিপিএর চলমান কর্মসূচি এবং সিপিএ রোড শো কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ঢাকায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএর ৬২তম সম্মেলন হওয়ার কথা।