২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দপ্তরে নতুন মহাপরিচালক

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বীজ উইংয়ে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

এছাড়া মিল্ক ভিটার ব্যবস্থাপনা নতুন পরিচালক নিয়োগ ছাড়াও ১১ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব ভিকারুন নেছাকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব এ কে এম মঞ্জুরুল হককে ওএসডি করা হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা।

আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের প্রকল্প পরিচালক মো. ফজলে ওয়াহিদে খন্দকারকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব।

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন ওএসডি অতিরিক্ত সচিব শামীমা সুলতানা।

রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মাহবুবা হাসনাতকে রাষ্ট্রপতির কার্যালয়েই পদায়ন এবং চট্টগ্রাম চা বোর্ডের সদস্য শংকর প্রসাদ দেবকে চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে; জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. নিজাম উদ্দিনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন রমা রাণী রায়কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং দিনাজপুর জেলা জেল পুণর্নিমাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মৃদুল কান্তি ঘোষকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।