২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে ডিগ্রি পেল ১৮৫৫ জন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ এক হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে সমাবর্তনের মাধ্যমে ডিগ্রি দিয়েছে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:14 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

বুধবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়টির এই চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি মনোনীত অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

আর সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সমাজের কম আলোকিত মানুষের মাঝে শিক্ষার সুফল পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। শিক্ষা তখনই শক্তি যখন তা পরিবর্তনের জন্য প্রয়োগ করা যায়।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সরকার কোনো পার্থক্য করে না জানিয়ে নাহিদ বলেন, শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান রাখতে হবে। এজন্য শিক্ষাদান পদ্ধতিকেও ধীরে ধীরে উন্নত করতে হবে।

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসি ও মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত এখনও পূরণ করতে পারেনি জানিয়ে মন্ত্রী বলেন, সময়মতো পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সমাবর্তন বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বর্তমান আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। তবে এসব প্রতিষ্ঠানকে অবশ্যই মান বজায় রাখতে হবে।

“বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আইন না মানার প্রবণতা দেখা যায়। এটা চলতে থাকলে ইউজিসি কঠোর হতে বাধ্য হবে,” বলেন তিনি।

সদ্য ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা অনেক পরিশ্রম করেই জীবনে এই গৌরব অর্জন করেছ।তবে সফল হতে হলে ভবিষ্যতে কর্মজীবনে আরও বেশি পরিশ্রমী হতে হবে।

স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড স্যোশাল স্ট্যাডিজ, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কুল অব হেলথ সায়েন্স-এর অধীনে মোট নয়টি বিভাগ রয়েছে।

সমাবর্তন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ফার্মাসি বিভাগের শিক্ষার্থী জায়েরা ইসলাম ঊর্মি। এছাড়া ১৫ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৩৫ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সমাবর্তনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার গণি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।