ঢাকায় সেপটিক ট্যাংকে আটকে পরিচ্ছন্নতাকর্মী
রাজধানীর হাজারীবাগে এক ট্যানারির সেপটিক ট্যাংকে পড়ে গেছেন এক পরিচ্ছন্নতাকর্মী।
বুধবার বিকালে হাজারীবাগের সামিনা ট্যানারিতে এই ঘটনা ঘটে বলে হাজারীবাগ থানার উপ পরিদর্শক আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম জানা যায়নি। সেখানে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি মারা গেছেন বলেই মনে হচ্ছে।
এসআই জলিল বলেন, “বিকাল ৪টার দিকে সামিনা ট্যানারির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ওই পরিচ্ছন্নতাকর্মী ভেতরে পড়ে যায়। এরপর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যায়।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, “ওই পরিচ্ছন্নতাকর্মী ভেতরে বিষাক্ত গ্যাসে মারা গেছেন। তার মরদেহ বের করে আনতে চেষ্টা চলছে।”
