২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের এক ঘণ্টা শুধু নারীর জন্য

আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি সম্মান দেখাতে হাই কোর্টের একটি বেঞ্চ এক ঘণ্টা শুধু নারী সংক্রান্ত মামলা শুনেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

ওই সময় অধিকাংশ মামলাই পরিচালনা করেছেন শুধু নারী আইনজীবীরা।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে বিকাল ৩টা থেকে এক ঘণ্টা শুধু নারী সংক্রান্ত মামলার শুনানি হয়।

ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময়ে ৩০ জন নারী আইনজীবী বিভিন্ন মামলার শুনানিতে অংশ নেন এবং ৩০টির বেশি জামিন আবেদনের নিষ্পত্তি হয়।”

একটি মামলার শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সৈয়দা আফসার জাহান ইলা বলেন, “নারী দিবসকে সামনে রেখে আদালতের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি।”

১৮৫৭ সালের ৮ মার্চ  দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন নিউ ইয়র্কের পোশাক কারখানার কর্মীরা; যেতে হয়েছিল কারাগারেও।

দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯১০ সালে জার্মানির নারী নেত্রী ক্লারা জেটকিন ‘নারী দিবস’ পালনের ডাক দেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্ল্যানেট ৫০-৫০ বাই ২০৩০: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইক্যুয়ালিটি’।

আন্তর্জাতিক নারী দিবসের বাণীতে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণী দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।