২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বন্ধে রিট আবেদন

নিরাপত্তার ‘স্বার্থে’ রাজধানীর বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য পুলিশের নেওয়া বন্ধ করতে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

এই তথ্যে অপব্যবহারের শঙ্কা প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশকে উকিল নোটিস পাঠানোর ২৪ ঘণ্টায়ও কোনো জবাব না পেয়ে বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী উকিল নোটিস পাঠানোর পর সাংবাদিকদের জিজ্ঞাসায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার বলেছিলেন, তিনি নোটিসকারীর যুক্তি দেখেননি, তবে যা করছেন, তা জননিরাপত্তার ‘স্বার্থে’। 

ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের এই কাজ শুরু করে ডিএমপি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে ২৮৭টি বিট তৈরি করে প্রতিটিতে একজন এসআইকে দায়িত্ব দেয়।

এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে রিট আবেদনটি করেন জ্যোতির্ময়।

তথ্য সংগ্রহের এই কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই রুল চেয়েছেন তিনি। আবেদনে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে।

জ্যোতির্ময় বলেন, “তথ্য সংগ্রহ অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। যেসব তথ্য ইতোমধ্যে সংগ্রহ করে ফেলা হয়েছে, সেগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আইন না হয়।”

আগামী সপ্তাহে আবেদনটি শুনানির জন্য আদালতে দাখিল করা হতে পারে বলে জানান এই আইনজীবী।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান জানিয়েছেন, সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য ১৫ মার্চের মধ্যে সংগ্রহ করে তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করবেন তারা।

পুরনো খবর:

১৫ মার্চের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি
ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ: পুলিশের উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া
ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিরুদ্ধে উকিল নোটিস