ঢাকায় সিটি করপোরেশনের গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত
রাজধানীতে উল্টো পথে চলা পুলিশের গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর পর এবার সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যব্সায়ী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উত্তরা হাউজ বিল্ডিংয়ের ওভারব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে উত্তরা পূর্ব থানার এসআই আবদুর রহিম জানিয়েছেন।
নিহত আবুল কালাম আজাদের (৪৫) বাড়ি ভোলার চরফ্যাশনে। থাকতেন উত্তরখানে।
এসআই রহিম বলেন, “আজাদ রাস্তা পার হওয়ার সময় উল্টেপথে চলা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি তাকে চাপা দেয়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আজাদ লিফটের ব্যবসা করতেন। তবে তার ব্যবসা প্রতিষ্ঠান কোথায় তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
সিটি করপোরেশনের গাড়ির চালককে আটক করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বনানীর কাকলীতে পুলিশেরে রি-কুইজিশন করা গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হন। ওই গাড়িটিও উল্টো পথে চলছিল।
