ইউপিতে অনলাইনে প্রার্থিতার সুযোগ দাবি সুজনের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ থেকে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমায় বাধার প্রসঙ্গ তুলে এ দাবি জানায় সংগঠনটি।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমার সুযোগ দিয়েছে ইসি।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে অনিয়ম শুরু হয়েছে। আমরা অনেক স্থানে খবর নিয়ে ও গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখেছি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে।
“তাই নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপ থেকে অনলাইনে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে সেই ব্যবস্থা করে দিন।”
ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য’ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এ সংবাদ সম্মেলন করে সুজন।
এবার সারা দেশে সাড়ে চার হাজার ইউনিয়নে ছয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৭৩৮ ইউপিতে ভোট হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী ৬৮৪ ইউপিতে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ দিন, ভোট ৩১ মার্চ।
এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে সুজনের কোনো শঙ্কা আছে কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচন নিয়ে শঙ্কা আছে বিধায় আজ আমরা সংবাদ সম্মেলন ডেকেছি; যাতে গণমাধ্যমকর্মীদের সাহায্যে ইসিকে জানাতে পারি যে, নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের ওপর অনাস্থা সৃষ্টি হবে।”
তিনি জানান, এবারের নির্বাচনে গতবারের চেয়ে চেয়ারম্যান প্রার্থী কম।
এর কারণ জানতে চাইলে সুজন সম্পাদক বলেন, দলীয়ভাবে নির্বাচন করার কারণেই এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা কম। কারণ দল থেকে বলা হয়েছে, প্রতিটি দল থেকে একজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবে না। তাই ইচ্ছে থাকলেও অনেকে নির্বাচন করতে পারছে না।”
স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচন এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মনোনয়নপত্র জমার সময় পেরিয়ে যাওয়া প্রথম ধাপের ৭৩৮ ইউপি নির্বাচনের জন্য শতাধিক ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে কমিশনে অভিযোগ করা হয়েছে।
ওই অভিযোগের পর মঙ্গলবার নির্বাচন কমিশন একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুজন সভাপতি হাফিজ উদ্দিন খান ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার উপস্থিত ছিলেন।
