তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনে আদেশ বৃহস্পতিবার
মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি কবে হবে, তা জানা যাবে বৃহস্পতিবার।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন রেখেছে।
গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্ট দুর্নীতি দমন কমিশনের করা আপিলের বিষয়টি জানাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেকের বিরুদ্ধে জারি করা সমনের নোটিস প্রতিপালন হয়েছে কি না-তা ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়ে ২৪ ফেব্রুয়ারি দিন রাখে।
এর ধারাবাহিকতায় বুধবার বিষয়টি আদালতে ওঠে। এ সময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমন নোটিস বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন হয়েছে। দুদকের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করা হয়েছিল। এই আবেদনের ওপর বৃহস্পতিবার আদালত আদেশ দেবেন।”
এর আগে ওই মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে জজ আদালতের দেওয়া খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির দিন ধার্যে ১২ জানুয়ারি তালিকায় এলে আদালত তার বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দেয়।
আদালত সমনের বিষয়টি জানিয়ে বহুল প্রচারিত একটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলে।
গত ১৭ ফেব্রুয়ারিও বিষয়টি আদালতে ওঠেছিল। সেদিন খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। জারি করা সমনের নোটিসও পাঠানো হয়; তবে তা প্রতিপালন হয়েছে কি না- সে বিষয়ে প্রতিবেদন আসেনি। এ অবস্থায় আদালত জারি করা ওই নোটিস প্রতিপালন হয়েছে কি না, তা রেজিস্ট্রার দপ্তরকে জানাতে নির্দেশ দিয়ে ২৪ ফেব্রুয়ারি দিন রাখে।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড, সেই সঙ্গে ৪০ কোটি টাকা অর্থদণ্ড।
তারেকের রায়ের বিরুদ্ধে দুদক ওই বছর ৫ ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে গত বছর ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
ওই আপিল শুনানির জন্য গৃহীত হওয়ার পর গত ৩ জানুয়ারি দুদক দিন ধার্যের আবেদন করে, যা ১২ জানুয়ারি তালিকায় আসে।
মামলাটি দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াই অনুপস্থিত ছিলেন তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
