২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের আপিল: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে যুক্তি খণ্ডন করছে আসামিপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 12:12 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আপিল মামলার সপ্তম দিনের শুনানি চলছে।

সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি উপস্থাপন শেষ করলে আসামিপক্ষে সমাপনী বক্তব্য দিতে শুরু করেন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

শুনানি শেষে আদালত মামলার রায়ের তারিখ ঠিক করে দিতে পারে অথবা বিষয়টি অপেক্ষমাণ রাখতে পরে বলে আইনজীবীরা জানান।

বেঞ্চের অপর চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মীর কাসেমের আপিলের ওপর ৯ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়। এটি আপিল আদালতে আসা যুদ্ধাপরাধের সপ্তম মামলা, যার ওপর শুনানি চলছে।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় আসে।

ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন তিনি। দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান।