২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন রোধে কার্যকর ভূমিকা নিতে হবে: প্রধান বিচারপতি

নারী বৈষম্য ও নির্যাতন রোধে বেসরকারি সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 10:49 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উইমেন ল’ইয়ারস কনভেনশন-২০১৬’ এ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সিডও সনদের প্রস্তাবনা বাস্তবায়নে গুরুত্বারোপ করেন তিনি।

“এক্ষেত্রে সুশীল সমাজের সংগঠনগুলোকে নারী অধিকার সম্পর্কিত বিষয়গুলোকে তত্ত্বাবধায়ন ও মূল্যায়নে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

দক্ষিণ এশিয়ায় সিডও সনদ বাস্তবায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ব্যানারে এ সম্মেলন আয়োজন করা হয়।

জাতিসংঘ কর্তৃক পুরুষের সমান পর্যায়ে নারীর মানবাধিকার আদর্শগত ধারণাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর ঐতিহাসিক সিডও সনদ বা নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন সনদ পরিগৃহীত হয়। বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর কিছু ধারা সংরক্ষণ সাপেক্ষে সিডও সনদ অনুমোদন করে।

নারী নির্যাতনকে বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে প্রধান বিচারপতি সিনহা বলেন, “দক্ষিণ এশিয়ার নারী নির্যাতন রোধে সিডও এর সুপারিশগুলো বাস্তবায়ন জরুরি।”

বাংলাদেশের নারীরা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়-স্বজনদের দ্বারা নির্যাতিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, পরিবার বা ঘরে-বাইরে নারী নির্যাতনের বেশ কিছু কারণ রয়েছে।

বাংলাদেশে নারী নির্যাতন রোধে সংবিধানকে সরকারের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অভিহিত করে প্রধান বিচারপতি বলেন, “সংবিধানে নারীদের শোষণ থেকে রক্ষা ও সমাজে নারীদের অধিকারের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের কথাও উল্লেখ রয়েছে।

“সংবিধান ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কিত অনেক আইন রয়েছে। এসব আইনে বাংলাদেশ স্বাক্ষর করেছে নারীদের অধিকার রক্ষার্থে।”

অনুষ্ঠানে সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ নারীর সমান অধিকার আদায়ে সিডও সনদে উল্লেখিত প্রস্তাবনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সদস্য অ্যাডভোকেট তানিয়া ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, সমিতির প্রতিষ্ঠাকালীন সম্পাদক সিগমা হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, ভারতের দিল্লি হাই কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অপর্ণা ভাট ও নেপালের মানবাধিকার কমিশনের সদস্য মোহনা আনসারি।