‘জঙ্গি’ ধরতে গিয়ে আক্রান্ত গোয়েন্দা পুলিশ
রাজধানীর উত্তর বাড্ডায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক পরিদর্শককে কোপানো হয়েছে।
আহত বাহার উদ্দিন ফারুকীকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে সাতারকূলের হোসেন মার্কেটের পেছনে একটি তিনতলা বাড়ির এক তলায় জঙ্গিরা আছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়।
“ওই সময় পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরিদর্শক ফারুকী তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে তার মাথায় কোপায় জঙ্গিরা।”
অভিযানে সন্দেহভাজন জঙ্গিদের কেউ আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গীদের বিরুদ্ধে বাড্ডায় একটি অভিযানে গিয়েছিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।”
মহানগর গোয়েন্দা পুলিশ ‘জঙ্গিবিরোধী অভিযানের’ কথা বললেও তবে বাড্ডা থানার উপপরিদর্শক আল মামুন বলেছেন ভিন্ন কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে উত্তর বাড্ডার জিএম বাড়িসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদসংলগ্ন একটি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ডিবি নর্থ বিভাগের কর্মকর্তাদের ঝামেলা হয়।”
