ঢাকায় বাংলাদেশি মার্কিনিকে অপহরণের অভিযোগ
রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিক অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মফিজুল ইসলাম (৫০) নামে ওই লোকের ভাগিনা আবুল হাসেম বাদি হয়ে বুধবার বিকেলে কাফরুল থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, তাদের একাধিক দল তার সন্ধানে কাজ করছে।
আবুল হাসেম জানান, তার খালু মফিজুল ইসলাম যুক্তরাষ্ট্রের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক, বারিধারায় তার একটি অ্যাপার্টমেন্ট আছে।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৬ ফেব্রুয়ারি বিকালে মফিজুল ইসলাম তার প্রাইভেট কারে চড়ে বনানী যাচ্ছিলেন। মহাখালী ফ্লাইওভারে একটি সাদা মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ৫/৭ জন যুবক তাকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়।
“গাড়ির চালক ইমরান আলী বাধা দিলে তাকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয় তারা। পরে ইমরান মঙ্গলবার কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।”
তবে মফিজুল ইসলামের পরিবারের কাছে এখনও কেউ মুক্তিপণ বা কোনো টাকা দাবি করেননি বলেও জানান তার ভাগ্নে হাসেম।
“খালু ৩৫ বছর ধরে খালা ও তার তিন ছেলে-মেয়েসহ আমেরিকায় থাকেন। সেখানে তিনি একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক। নিউ ইয়র্কে একটি ব্যাংকিং সেমিনার আয়োজন করবেন বলে বাংলাদেশে এসেছিলেন খালু।”
বাংলাদেশে তার কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ নেই দাবি করে হাসেম বলেন, “তাকে টাকার জন্য কেউ তুলে নিতে পারে।”
এ বিষয়ে কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের একাধিক দল ওই ব্যক্তির সন্ধান পেতে কাজ করছে।”
