২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাংলাদেশ মিশনের দায়িত্বে তারিক আহসান

শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা তারিক আহসানকে এবার পাকিস্তান মিশনের দায়িত্ব দিয়ে ইসলামাবাদ পাঠাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই নিয়োগের কথা জানানো হয়।

পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার পদে তিনি সুহরাব হোসেইনের স্থলাভিষিক্ত হবেন। সুহরাবের দায়িত্বের মেয়াদ এপ্রিলেই শেষ হচ্ছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা তারেক আহসান এর আগে নিউ ইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কূটনৈতিক পেশায় আসা এই কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তারেক আহসান হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশাল স্টাডিজে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন নিয়েও লেখাপড়া করেছেন। 

বিদায়ী হাই কমিশনার সুহরাব হোসেইনও একজন পেশাদার কূটনীতিক। ১৯৭৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়া এই কর্মকর্তা অবসরে যাওয়ার পর ২০১০ সালে তাকে দুই বছরের চুক্তিতে পাকিস্তানে পাঠায় সরকার।

এই মুক্তিযোদ্ধার চুক্তির মেয়াদ পরে আরও দুই দফা বাড়ানো হয়। তবে গত

গত বছরের শেষ দিকে ঢাকা-ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ‘বাদানুবাদের’ সময় দেশে অবস্থান করছিলেন সুহরাব হোসেইন।

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ ও ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক কূটনীতিকের বিরুদ্ধে ‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগ ওঠার পর ওই ‌‘বাদানুবাদ’ সৃষ্টি হয়।

ডিসেম্বরে এক চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাই কমিশনার সুহরাবকে ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফেরার জন্য চিঠি দেয়।

ওই সময় ইসলামাবাদে হাই কমিশনার সুহরাবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা তুলনামূলক কনিষ্ঠ একজন কূটনীতিককে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোমুখি হতে হয়।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক অবশ্য সে সময় ওই চিঠির বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে থাকায় সেটি ছিল ‘স্বাভাবিক’ প্রক্রিয়ার অংশ।