ফেইসবুক প্রতারণায় ৩ বিদেশি আটক
ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বিদেশি নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে গুলশানের নিকেতনসহ ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান।
আটকদের মধ্যে তিনজন নাইজেরীয়- ইজুচিউ ফ্রাঙ্কিন (৩০), ওবি হেচে (৩৪) ও ইক ফ্লিস্ক (৩৫)।
অন্য দুজন বাংলাদেশি- মোহাম্মদ আলী (৩০) ও মঞ্জুর আহমেদ (৩১)।
বাহ্মবাড়িয়ায় কর্মরত এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে র্যাব কর্মকর্তা মিজানুর জানান।
তিনি বলেন, ফেইসবুকে ডেসমন্ড বি স্মুয়েল নামের এক অ্যাকাউন্টধারীর সঙ্গে পরিচয় থেকে ওই চিকিৎসকের সখ্য গড়ে ওঠে।
ব্রিটিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির সঙ্গে হোয়াইটস অ্যাপে চিকিৎসকের কথোপকথনের এক পর্যায়ে তার জন্য একটি কুরিয়ার সার্ভিসে কিছু উপহার সামগ্রী পাঠানোর কথা বলা হয়।
১০ ফেব্রুয়ারি ‘মিন রো ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি পরিচয় দিয়ে একজন ওই চিকিৎসক ফোন করে একটি পার্স্বেল আসার কথা জানান। ইংরেজিতে কথা বলেন তিনি।
কুরিয়ারের খরচ হিসেবে প্রায় সাড়ে ৫৬ হাজার টাকা পাঠাতে বললে পরদিন বাহ্মণবাড়িয়া থেকে তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেন ওই চিকিৎসক।
এরপর ১৩ ফেব্রুয়ারি ওই চিকিৎসককে আবার ফোন করে বলা হয়, স্ক্যানে ওই উপহার বক্সে দেড় কোটি টাকা দামের ডায়মন্ড দেখা গেছে। এটা পেতে তাকে আরও দুই লাখ ৬২ হাজার ৯০০ টাকা ব্যাংকের মাধ্যমে দিতে বলা হয়। উপহার সামগ্রী পাওয়ার আশায় ওই টাকাও দেন চিকিৎসক।
পরদিন ফোন করে তার কাছে আরও ১০ লাখ ৮৩ হাজার টাকা চাইলে ওই চিকিৎসকের সন্দেহ হয় এবং বিষয়টি তিনি র্যাবকে জানান।
তার পাঠানো টাকা ঢাকায় তুলতে গেলে দুই অ্যাকাউন্টের মালিক মোহাম্মদ আলী ও মঞ্জুর মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিকেতন থেকে তিন নাইজেরীয়কে ধরা হয়।
তাদের তিনজনের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিন বিদেশি ২০১৩ সালের ১৩ অগাস্ট থেকে মোহাম্মদ আলী ও মঞ্জুরের সঙ্গে যৌথভাবে পোশাকের ব্যবসা শুরু করেন।
“পোশাক ব্যবসার পাশাপাশি এই ধরনের প্রতারণা শুরু করে তারা। প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের কমিশনা নিতো আলী ও মঞ্জুর।”
এই চক্রের কিছু নারী সদস্য রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
