বইমেলায় স্টলের স্থান পরিবর্তন, ২১ প্রকাশনীকে চিঠি
স্টলের জায়গা পরিবর্তন করায় একুশে বইমেলার ২১ প্রকাশনা সংস্থাকে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।
সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা জানান একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান।
তিনি বলেন, “মেলার নিয়মনীতি পরোয়া না করে স্টল বসানোয় তাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
“এদের বেশিরভাগই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের পিছনের অংশে ছিল। তারা আমাদের কাছে স্টলের মুখ পরিবর্তনের নাম করে স্থান পরিবর্তন করেছে। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”
প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ না করলেও প্রয়োজনে এগুলোকে ‘কালো তালিকাভুক্ত’ করা হবে বলে জানান শামসুজ্জামান খান।
বইমেলায় স্টলের স্থান পরিবর্তন নিয়ে অভিযোগের ওঠার পর এই সংবাদ সম্মেলনে আসেন একাডেমি পরিচালক।
শামসুজ্জামান জানান, স্থান পরিবর্তন করেও রমনা কালী মন্দির গেইট বন্ধ থাকায় এখন তারা ওই গেইট খুলে দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি প্রকাশনী।
শিগগির নকল বইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
একাডেমি পরিচালক বলেন, “নকল বইয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাতীয় গ্রন্থকেন্দ্র ও কপিরাইট অফিস। তাদের প্রধানরা বর্তমানে কলকাতা বইমেলায় অবস্থান করছেন। তারা ফিরলেই অভিযান পরিচালনা করা হবে।”
মেলা প্রাঙ্গণে ধুলোর কথা স্বীকার করেই তিনি বলেন, “এবার সর্ববৃহৎ পরিসরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি, এবার মেলা খুবই ভালো হচ্ছে। ধুলো নিরোধে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করছি।”
এবার মেলার প্রথম সপ্তাহে নিজেদের প্রকাশিত ১৭ লাখ ৪ হাজার ৭৭৬ টাকার বই বিক্রি হয়েছে বলে জানান মহাপরিচালক।
বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার ৮ম দিনে সোমবার ৭৫টি নতুন বই এসেছে। নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে ৬টির।
বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী: পাঠ্যপুস্তক রচনা, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সুব্রত বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রতন সিদ্দিকী, মলয় ভৌমিক ও নূরুন্নাহার মুক্তা।
সন্ধ্যায় একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’। এছাড়া সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী, লীনা তাপসী খান, সুমন মজুমদার ও বিজন চন্দ্র মিস্ত্রী।
