জামিন পাননি ডেসটিনি পরিচালক দিদারুল
মুদ্রা পাচার আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলম জামিন পাননি; জামিন প্রশ্নে রুল উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান; দিদারের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
পর্যবেক্ষণে আদালত একমাসের মধ্যে মামলার অভিযোগ গঠন ও একবছরের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করতে বলেছেন বলে জানিয়েছেন খুরশীদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ হওয়ায় দিদারুল আলম কারামুক্তি পাচ্ছেন না।”
অভিযোগপত্র দাখিলের পর তা আমলে নেওয়ার জন্য মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে রয়েছে বলে জানান দুদকের এই আইনজীবী।
২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, প্রেসিডেন্ট এম হারুনুর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
ওই মামলায়২০১২ সালের ২০ অক্টোবর গ্রেপ্তার হন দিদার; ২০১৩ সালে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ এপ্রিল কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল আসে।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার তা ‘উত্থাপিত হয়নি’ বলে খারিজ করে দিল হাই কোর্ট।
