বইমেলার প্রস্তুতি শেষ, পর্দা উঠছে সোমবার
বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে সোমবার; প্রস্তুতিও শেষ।
বিকেলে ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “সন্ধ্যা ৬টার পর মেলা প্রাঙ্গণ খালি করে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকলের জন্য উন্মুক্ত করা হবে।”
ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, “সব প্রস্তুতি শেষ। এবার আমরা সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর মেলা করার আশা করছি।”
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত চলবে এই মেলা।
গত বছরের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুক্তমনা লেখক অভিজিৎ রায় খুন হন। এই প্রেক্ষাপটে এবার নিরাপত্তাকে ‘প্রাধান্য’ দিয়ে বইমেলা সাজানোর কথা জানিয়েছে বাংলা একাডেমি।
রোববার এক সংবাদ সম্মেলনে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাদের সার্বক্ষণিক ব্যবস্থার পরও কোনো লেখক, ব্লগার, প্রকাশক চাইলে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
“বিভিন্ন সময়ে একটি চক্র যাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে। কখনো সাদা পোশাকে আবার কখনো থানা পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে।”
বাংলা একাডেমির সভাপতি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত পরিবেশন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী।
উদ্বোধনী অনুষ্ঠানেই দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫।
শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানায়, গত বছর ৩৫১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল মেলায়, তবে এবার সাড়ে চারশ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
৯২টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও আয়োজকরা জানিয়েছেন।
এবারও একাডেমির নজরুল মঞ্চে এবং সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। মেলার দুই অংশেই ওয়াইফাই সুবিধা থাকবে বলে জানানো হয়েছে।
গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০ শতাংশ কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করার নির্দেশনা দিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
ফেব্রুয়ারি মাসজুড়ে ছুটির ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। তবে ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
