২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্তে পুলিশ

অবসরপ্রাপ্ত এক জ্যেষ্ঠ সহকারী সচিবের ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর যে অভিযোগ উঠেছে রাজধানীর কাফরুল থানার এক এএসআইয়ের বিরুদ্ধে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 11:06 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

রোববার বিকালে মিরপুর ১৩ নম্বর রোডের ৩২১ নম্বর বাসার নিচ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রলয় বৈদ্যকে আটক করে কাফরুল থানা পুলিশ।

প্রলয়ের বাবা সুনীল কুমার বৈদ্য ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব। চার ভাইয়ের মধ্যে প্রলয় সবার ছোট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। 

ডিএমপির পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাফরুল থানা পুলিশের একটি দল ওই ব্যক্তিকে দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল।

“তাকে সঙ্গে সঙ্গে থানায় না দিয়ে এক এএসআই টাকা দাবি করেছিলেন বলে মহানগর পুলিশ কমিশনার (মো. আছাদুজ্জামান মিয়া) অভিযোগ পান।”

এরপর পুলিশ কমিশনার অভিযান পরিচালনাকারীদের তার কার্যালয়ে ডেকে নিয়েছিলেন। এরপর প্রলয়কে তার ভাইয়ের জিম্মায় দিয়ে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা জাকির।

তিনি বলেন, “প্রলয় বলছে, তার কাছে কোনো ইয়াবা ছিল না। পুলিশের সোর্স তার পকেটে ইয়াবা গুঁজে দিয়েছিল। কিন্তু পুলিশের কাফরুল থানার এএসআই আমিনুল বলছে, ইয়াবাসহ প্রলয়কে গ্রেপ্তার করা হয়।”

প্রলয়ের অভিযোগ সত্য হলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

“দুই পিস ইয়াবা আসলে কোত্থেকে এল, তাও তদন্ত করে দেখা হবে।”

কেন্দ্রীয় ব্যাংক এবং ঢাকা সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে নির্যাতন নিয়ে পুলিশের ব্যাপক সমালোচনার মধ্যে এই ঘটনা ঘটল।

প্রলয় বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বাড়ির নিচে দোকান থেকে বাকরখানি কিনতে বের হয়েছিলেন তিনি। তখন তাকে পুলিশ আটক করে।

“বাকরখানির দোকানের সামনে যেতেই দুজন লোক আমার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে কয়েকটি টিস্যু গুঁজে দেয়। এর পরপরই পুলিশের একটি দল এসে পকেট থেকে দুই পিস ইয়াবা বের করে আমাকে তাদের গাড়িতে তোলে।”

গাড়িতে তোলার পর ওই পুলিশ সদস্যরা ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন প্রলয়।

কাফরুল থানার এএসআই আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকবিরোধী অভিযানে থাকা ওই টহল দলের নেতা ছিলেন থানার এসআই  জিল্লুর রহমান। তাদের সঙ্গে ছিলেন কনস্টেবল জহিরুল ইসলাম।

প্রলয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ‘অকেশনালি’ ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে এএসআই আমিনুল দাবি করলেও এই যুবক তা অস্বীকার করেন।

প্রলয় বলেন, “আমার মা ক্যান্সারে ভুগছেন। ঘটনা শোনার পর মা কষ্ট পেতে পারেন ভেবে আমি কান্নাকাটি করেছিলাম। তখন ওদের আমি ২০ হাজার টাকা দিতে রাজি হয়েছিলাম।”

তবে পুলিশ কমিশনারের কাছে নিয়ে যাওয়ার আদেশ আসার পর ওই পুলিশ সদস্যরাই তার হাত-পা ধরে মাফ চাইতে শুরু করেছিলেন বলে জানান প্রলয়।

থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেলেও ইয়াবাসহ আটকের কোনো স্বীকারোক্তি দেননি বলে দাবি করেন তিনি।

এএসআই আমিনুল বলেন, “ওই ছেলের কোনো আত্মীয়-স্বজন কমিশনার স্যারের সঙ্গে যোগাযোগ করেছিল। বিষয়টি উনি উপকমিশনার কাইয়ুমুজ্জামান স্যার ও ওসি সিকদার শামীম হোসেন স্যারকে জানান। তাদের নির্দেশে মুচলেকা দিয়ে আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম।”