গ্রামীণ ইউনিক্লো স্টোরে ‘বিকাশে’ কেনাকাটা
গ্রামীণ ইউনিক্লো স্টোরে কেনাকাটার করলে গ্রাহকরা মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশের’ মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি বিকাশ ও গ্রামীণ ইউনিক্লোর মধ্যে এসংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন ও গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে জাপান এবং এশিয়ার পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর একটি সামাজিক উদ্যোগ। ২০১৩ সালের জুলাই থেকে আরামদায়ক পোশাক সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় স্টোর চালু করে গ্রামীণ ইউনিক্লো। রাজধানীতে এখন তাদের ৮টি স্টোর রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, চুক্তি অনুসারে বিকাশ গ্রাহকরা প্রাথমিকভাবে গ্রামীণ ইউনিক্লোর ঢাকার স্টোরগুলোতে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। ভবিষ্যতে গ্রামীণ ইউনিক্লোর যতগুলো স্টোর চালু হবে তার প্রতিটাতেই বিকাশ দিয়ে পেমেন্ট করা যাবে।
বিকাশ গ্রাহকরা প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করবেন। এরপরে বেশ কিছু ধাপ অনুসরণ করে মূল্য পরিশোধ করবেন।
