ফুটপাত-পার্কিং উদ্ধারে রাজউকের অভিযান শুরু
ঢাকার আবাসিক এলাকার ফুটপাত ও গাড়ি রাখার স্থান দখলমুক্ত করতে একযোগে রাজউকের আওতাধীন তিনটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে।
সোমবার প্রথম দিনের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ফুটপাতের র্যাম্পসহ বেশ কিছু অবৈধ স্থাপনাও সরানো হয়।
নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় বেশ কয়েকজন ভবন মালিকের কাছ থেকে মুচলেকাও নিয়েছে রাজউক।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় ধানমন্ডি, কলাবাগান, লালমাটিয়া, মোহাম্মদপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালী ও উত্তরার বিভিন্ন সেক্টরে ১৪ দিনব্যাপী এই অভিযান শুরু হয়েছে।
রাজউকের জোন-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিনে দুপুরের পর থেকে গুলশান-১ এর ১,২ ও ৩ নম্বর সড়কে তিনটি বাড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জোন-২ এর অথরাইজড অফিসার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরার ৯ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের দুই পাশের ফুটপাতের স্থাপনা সরানো হয়েছে।
এসব এলাকায় ১০টি র্যাম্প অপসারণ করা হয়েছে। তিনটি ভবনের গাড়ি পার্কিংয়ের স্থান পরিষ্কার করা হয়েছে। পাঁচটি ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে নকশা দেখাতে না পারার কারণে।
এছাড়া আবাসিক এলাকায় থাকা একটি গাড়ির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান মিজানুর।
জোন-৫ এর অথরাইজড অফিসার শফিউল হান্নান জানান, কলাবাগানে মিরপুর রোডের দুই পাশে রোড নম্বর ৩ ও রোড নম্বর ১০ এর পাঁচটি ভবনে অভিযান চালানো হয়েছে।
অভিযানে একটি দোকান সিলগালা, ৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আদায় করা হয় দেড় লাখ টাকা জরিমানা।
