নিরাপদ খাদ্য নিশ্চিতে তৃণমূলে কাজ শুরুর সুপারিশ
তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ শুরু করার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন প্রণয়নের মাধ্যমে ওই কর্তৃপক্ষ গঠন করা হয়। খাদ্যে ভেজাল রোধে এই আইন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তৃণমূল পর্যায় থেকে সক্রিয়ভাবে শুরু করা, এই কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
“এছাড়া মাঠ পর্যায়ে কর্তব্যরত খাদ্য পরিদর্শকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার সুপারিশ করা হয়।”
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়কে গতিশীল ও ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ এবং ই-টেন্ডারিং প্রক্রিয়া জোরদার করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, হাসিবুর রহমান স্বপন, খন্দকার আবদুল বাতেন, শেখ মো. নূরুল হক, ফজলে নূর তাপস, হাজী সেলিম ও শিরিন নাঈম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৈঠকে ছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎসহ সংশ্লিষ্ট কর্তকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
