হাজারীবাগে রেস্তোরাঁয় যুবকের হামলায় আহত ২
বাকিতে খাবার বিক্রি না করা নিয়ে তর্কাতর্কির পর এক যুবকের হামলায় রাজধানীর হাজারীবাগে একটি রেস্তোরাঁয় আহত হয়েছেন দুজন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে বৌবাজার এলাকার ৪৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতরা হলেন রেস্তোরাঁ মালিক জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভিন আক্তার শান্তি ও ছেলে সজল। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘হামলাকারী’ যুবক ভোলা মাসুমকেও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জাহাঙ্গীরের বড় ছেলে মো. সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলা মাসুম নাস্তা খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। বিল চাইলে তিনি উল্টো ৫ হাজার টাকা চাঁদা চান।
“টাকা চাওয়ার কারণ আমি জানতে চাইলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে দৌড়ে গিয়ে পাশের কসাইয়ের দোকান থেকে চাপাতি নিয়ে এসে হামলা চালায়।”
হামলায় সুজন বেঁচে গেলেও তার ছোট ভাই সজলের হাতে ও মাথায় আঘাত লাগে, মারাত্মকভাবে জখম হন তাদের মা পারভীনও।
“আমাদের বাসা হোটেলের পাশেই। হামলার খবর শুনে মা দৌড়ে বাসা থেকে এলে ভোলা মাসুম তার উপরও হামলা চালায়। এতে তার বাম হাতের কবজিতে আঘাত লাগে,” বলেন সুজন।
তিনি দাবি করেন, ‘স্থানীয় সন্ত্রাসী’ ভোলা মাসুম প্রায় প্রতিদিনই তাদের দোকানে বাকিতে খাবার খান এবং ভয়-ভীতি দেখিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে যান।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মাসুমের উপর আগে হামলা হয়েছিল, এরপর তিনি পাল্টা হামলা চালান।
“মাসুমের সঙ্গে হোটেল বয়ের নাস্তার বিল নিয়ে ঝগড়া চলছিল। এরপর সুজন এগিয়ে গেলে তা আরও বাড়ে। একপর্যায়ে সুজন হোটেলের একটি চাকু দিয়ে মাসুমের উপর হামলা করে, এতে তার হাত কেটে যায়। এরপরই মাসুম চাপাতি এনে তাদের ওপর হামলা চালায়।”
মাসুমের উপর হামলার বিষয়টি অস্বীকার সুজন বলেন, “সে হামলা চালিয়ে দৌড়ে পালানোর সময় হোটেলের সামনে রাস্তার কাজের জন্য পড়ে থাকা রডের উপর পড়ে যায়। এতেই সে আহত হয়।”
