গোপালগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বহাল
গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে তুহিন কাজীকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির; সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আর তুহিন কাজীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাজাহান।
পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাই কোর্ট তুহিন কাজীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আসামি তুহিন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ১০ অগাস্ট রাতে তুহিন কাজী স্ত্রী মিনা সুলতানার মুখ কাপড় দিয়ে বেঁধে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বাবা তুহিন ও তার মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা করে।ওই মামলায় ১২ অগাস্ট গ্রেপ্তার হয় তুহিন।
এই মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি গোপালগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক গোলাম মুরশেদ তুহিনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন; খালাস পান তুহিনের মা।
এই রায়ের বিরুদ্ধে আপিল করে তুহিন; পাশাপাশি আসামির ডেথ রেফারেন্সও শুনানির জন্য হাই কোর্টে আসে।
গত ১২ অক্টোবর এর ওপর হাই কোর্টে শুনানি শুরু হয়। চার কার্যদিবস শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আসামির আপিল খারিজ ও ডেথ রেফারেন্স মঞ্জুর করে রায় দেয়।
